বঙ্গোপসাগরের সম্পদ, কক্সবাজারের ভবিষ্যৎ: সুনীল অর্থনীতির একটি নতুন উন্নয়ন দর্শন

বঙ্গোপসাগরের সম্পদ, কক্সবাজারের ভবিষ্যৎ: সুনীল অর্থনীতির একটি নতুন উন্নয়ন দর্শন
কলামবাংলাদেশ

বঙ্গোপসাগরের সম্পদ, কক্সবাজারের ভবিষ্যৎ: সুনীল অর্থনীতির একটি নতুন উন্নয়ন দর্শন

২০ নভেম্বর, ২০২৬

মেজর হাওয়া আক্তার [সূত্র : আমার সময়, ১৯ নভেম্বর ২০২৬]

বঙ্গোপসাগরের তেল-গ্যাস, সামুদ্রিক খনিজ, বিদ্যুৎ উৎপাদন, সামুদ্রিক মাছ, লবণ শিল্প, মাতারবাড়ী বন্দর ও পরিবেশ সংরক্ষণকে একসূত্রে যুক্ত করে কক্সবাজারে গড়ে উঠতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক কাঠামো। বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে গেলে সাধারণত কৃষি, তৈরি পোশাক, প্রবাসী আয় ও স্থলভিত্তিক অবকাঠামো উন্নয়নের কথা সামনে আসে। অথচ দেশের দক্ষিণে বিস্তৃত এমন এক অর্থনৈতিক ক্ষেত্র, যার সম্ভাবনা এখনো পুরোপুরি কাজে লাগানো যায়নি। এই সম্ভাবনার কেন্দ্রে রয়েছে কক্সবাজার, একদিকে দেশের পরিচিত পর্যটন গন্তব্য, অন্যদিকে সামুদ্রিক মাছ, লবণ উৎপাদন, বন্দর, জ্বালানি, উপকূলীয় জীববৈচিত্র্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের সম্ভাবনাময় অঞ্চল। কিন্তু কক্সবাজারের উন্নয়ন নিয়ে আমাদের চিন্তায় একটি মৌলিক সীমাবদ্ধতা রয়েছে। বাস্তবিকপক্ষে, পর্যটনকে পর্যটন, লবণ শিল্পকে কৃষি সংশ্লিষ্ট উৎপাদন, মাছকে খাদ্য সরবরাহ এবং মাতারবাড়ীকে বন্দর প্রকল্প হিসেবে আলাদাভাবে দেখা হয়। অথচ এই খাতগুলোর মধ্যে অর্থনৈতিক সংযোগ তৈরি করা গেলে প্রতিটি খাতের মূল্য বহুগুণে বৃদ্ধি পাবে।

 

এই নিবন্ধের মূল বক্তব্য হলো, কক্সবাজারের ভবিষ্যৎ নির্ধারণ শুধু কত বড় বন্দর নির্মিত হলো বা কত বেশি মাছ আহরণ করা হলো, তার ওপর নয়। বরং নির্ধারণ হবে সমুদ্র থেকে আহরিত সম্পদকে কতটা উচ্চমূল্যের পণ্যে রূপান্তর করা গেল, স্থানীয় মানুষের আয় কতটা বাড়ল, কত নতুন প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান সৃষ্টি হলো এবং প্রাকৃতিক সম্পদ কতটা সুরক্ষিত থাকল। এই দৃষ্টিভঙ্গিই সুনীল অর্থনীতিকে একটি প্রচলিত উন্নয়ন ধারণা থেকে বাস্তব অর্থনৈতিক কৌশলে রূপান্তর করবে। 

 

 

বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতির সম্ভাবনা বুঝতে হলে প্রথমে সমুদ্রসীমার গুরুত্ব অনুধাবন করা দরকার। পরিকল্পনা কমিশনের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার তথ্যানুযায়ী দেশের সামুদ্রিক এলাকার আয়তন প্রায় ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার। তবে সামুদ্রিক এলাকার আয়তন জানা আর তার অর্থনৈতিক মূল্য নির্ধারণ করা এক বিষয় নয়। কোন এলাকায় কোন প্রজাতির মাছ রয়েছে, কোথায় প্রজনন ঘটে, সমুদ্রের কোন অংশে কী ধরনের খনিজ বা জৈব সম্পদের সম্ভাবনা আছে, কোন এলাকায় জ্বালানি উৎপাদন অর্থনৈতিকভাবে সম্ভব—এসব প্রশ্নের উত্তর পেতে দীর্ঘমেয়াদি বৈজ্ঞানিক জরিপ করতে হবে পাশাপাশি বাংলাদেশের একটি নতুন অগ্রাধিকার হওয়া উচিত 'জাতীয় সামুদ্রিক সম্পদ হিসাব' প্রতিষ্ঠা করা। এই হিসাব ব্যবস্থায় শুধু আহরিত মাছ বা উৎপাদিত পণ্যের আর্থিক মূল্য নয়, বরং মাছের মজুদ, উপকূলীয় বাস্তুতন্ত্র, সামুদ্রিক আবাসস্থল, জলাভূমি এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপকূলের ভূমিকার মতো বিষয়ও নিয়মিত মূল্যায়ন করতে হবে। এর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব হবে; সমুদ্র থেকে আজ যে আয় হচ্ছে, তার বিনিময়ে ভবিষ্যতের উৎপাদন ক্ষমতা কতটা অক্ষুন্ন থাকবে? 

 

 

বাংলাদেশের জ্বালানি খাতে আমদানি নির্ভরতা একটি বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ। শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন খাতে জ্বালানির চাহিদা ক্রমাগত বাড়ছে। এ অবস্থায় বঙ্গোপসাগরের অগভীর ও গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান দেশের জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী। ইতোমধ্যে সরকার ২০২৬ সালের অফশোর বিডিং রাউন্ডে বঙ্গোপসাগরের ২৬টি ব্লক ১১টি অগভীর ও ১৫টি গভীর সমুদ্রের ব্লক আন্তর্জাতিক কোম্পানির জন্য উন্মুক্ত করেছে। সফল অনুসন্ধান ও বাণিজ্যিক উৎপাদন সম্ভব হলে জ্বালানি আমদানির চাপ কমানো, শিল্পের উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করার সুযোগ তৈরি হবে। বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট এর তথ্যানুযায়ী বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্র তলদেশে জিরকন, ইলমেনাইট, রুটাইল, গারনেট, ম্যাগনেটাইট, কায়ানাইট ও মোনাজাইট এর মতো মূল্যবান ভারী খনিজের উপস্থিতি সনাক্ত করা হয়েছে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুযোগ হলো এ সমস্ত কাঁচা খনিজ রপ্তানি না করে দেশে প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজন করা। এতে করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলা সম্ভব হবে। 

 

 

সুনীল অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় ক্ষেত্র হলো সমুদ্রভিত্তিক নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন। জোয়ার-ভাটার শক্তি, সমুদ্রের ঢেউ এবং সমুদ্রের উপরিভাগ ও গভীর পানির তাপমাত্রার পার্থক্য কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। এছাড়াও সমুদ্রের উপর বায়ু টারবাইন স্থাপন করে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এতে সুবিধা হলো উপকূলীয় এলাকায় বিদ্যুৎ উৎপাদন করা গেলে উপকূলের শিল্পাঞ্চল, অর্থনৈতিক অঞ্চল, বন্দর এবং পর্যটন কেন্দ্রে সরাসরি বিদ্যুৎ সরবরাহের সুযোগ হবে। 

 

 

কক্সবাজারের সুনীল অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি সামুদ্রিক মাছ। কিন্তু মাছ আহরণকে কেন্দ্র করে অর্থনৈতিক পরিকল্পনা প্রায়ই উৎপাদনের পরিমাণ, জাহাজের সক্ষমতা কিংবা মাছের বাজারদরের মধ্যে সীমাবদ্ধ থাকে। মৎস্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, বাংলাদেশের সামুদ্রিক মাছ আহরণ এখনো মূলত ২০০ মিটার গভীরতা পর্যন্ত সীমাবদ্ধ। নতুন প্রযুক্তি ব্যবহার করে গভীর সমুদ্রের সম্ভাবনা অনুসন্ধান করা যেমন জরুরি, তেমনি বর্তমান মাছের মজুত সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহও অপরিহার্য। আধুনিক জরিপ, মাছের প্রজাতিভিত্তিক মজুত নিরূপণ এবং নিরাপদ আহরণের সীমা নির্ধারণ করার পাশাপাশি মাছ অবতরণের পর বরফায়ন, মান নিয়ন্ত্রণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ উন্নত করতে হবে। কক্সবাজারে এ উদ্যোগ বাস্তবায়িত হলে জেলেদের ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ বাড়বে, মাছ নষ্ট হওয়ার ঝুঁকি কমবে এবং রপ্তানিযোগ্য পণ্যের মান উন্নত হবে। এছাড়া ডিজিটাল লেনদেন, উৎপত্তিস্থলের তথ্য, তাপমাত্রার রেকর্ড এবং স্বাস্থ্যসম্মত সংরক্ষণ নিশ্চিত করা গেলে আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের সামুদ্রিক খাদ্য পণ্যের বিশ্বাস যোগ্যতা বাড়বে। 

 

 

কক্সবাজারের অর্থনীতি নিয়ে আলোচনায় লবণ শিল্পের গুরুত্ব পর্যটন ও বড় অবকাঠামো প্রকল্পের এখনও আড়ালেই পড়ে আছে। অথচ লবণ চাষের সঙ্গে বহু ক্ষুদ্র উৎপাদক, শ্রমিক, ব্যবসায়ী এবং পরিবহনকর্মীর জীবিকা যুক্ত। এই খাতকে আধুনিক করা গেলে তুলনামূলকভাবে ছোট বিনিয়োগেও বিস্তৃত জনগোষ্ঠীর আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে। তবে উচ্চমানের লবণ উৎপাদনের জন্য প্রয়োজনীয় বিশুদ্ধতা, যন্ত্রপাতি, পরীক্ষাগার এবং বাজারের চাহিদা নিশ্চিত করা জরুরি। উপযুক্ত প্রযুক্তি ও পরিবেশগত ব্যবস্থাপনার মাধ্যমে লবণ নির্ভর চাষের পাশাপাশি আর্টেমিয়া চাষ, উন্নত সামুদ্রিক জলজ উৎপাদন এবং চিংড়ির পোনা প্রতিপালনের মতো বহুমুখী জীবিকার সুযোগ অনুসন্ধান করতে হবে। এছাড়া একই জমিতে একই পণ্য উৎপাদনের ওপর সম্পূর্ণ নির্ভর না করে মৌসুম, পানির গুণমান ও বাজারের চাহিদা অনুযায়ী বিকল্প আয়ের সুযোগ তৈরী করতে হবে। 

 

 

কক্সবাজারের পর্যটন শিল্প দেশের পরিচিত অর্থনৈতিক খাতগুলোর একটি। কিন্তু এই শিল্পের সম্ভাবনাকে প্রধানত সৈকত, হোটেল ও রেস্তোরাঁর মধ্যে সীমাবদ্ধ রাখায় স্থানীয় অর্থনীতিতে মূল্য সংযোজনের বহু সুযোগ এখনও বঞ্চিত হচ্ছে। পর্যটকদের জন্য সামুদ্রিক ঐতিহ্য, স্থানীয় খাদ্য সংস্কৃতি, জেলে সম্প্রদায়ের জীবন, উপকূলীয় প্রকৃতি, পরিবেশ শিক্ষা, স্থানীয় হস্তশিল্প এবং সমুদ্র ভ্রমণকে কেন্দ্র করে নতুন পর্যটন পণ্য গড়ে তোলা সম্ভব। এর মাধ্যমে শুধু হোটেল মালিক বা বড় বিনিয়োগকারী নয়, স্থানীয় গাইড, নৌযান চালক, নারী উদ্যোক্তা, কারুশিল্পী ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও আয় করতে পারবেন। প্রতিটি পর্যটন কার্যক্রমের জন্য নিরাপত্তা, বর্জ্য ব্যবস্থাপনা ও স্থানীয় মানুষের অংশগ্রহণের নীতিমালা থাকতে হবে। বিশেষভাবে লক্ষ রাখতে হবে, পর্যটনের সাফল্য শুধু পর্যটক সংখ্যা দিয়ে মাপা হয় না। একজন পর্যটক কত দিন থাকছেন, স্থানীয় ব্যবসায় কত ব্যয় করছেন, স্থানীয় কর্মীদের আয় কত বাড়ছে এবং পরিবেশের ওপর কতটা চাপ তৈরি হচ্ছে এসব সূচকও গুরুত্বপূর্ণ। যদি পর্যটনের আয় স্থানীয় সরবরাহ-শৃঙ্খলে যুক্ত হয়, তবে কক্সবাজারে উৎপাদিত মাছ, লবণ, কৃষিপণ্য, হস্তশিল্প এবং সাংস্কৃতিক সেবার চাহিদা বাড়বে। অর্থাৎ পর্যটন তখন একক শিল্প না থেকে বৃহত্তর সুনীল অর্থনীতির বাজার তৈরির মাধ্যম হবে। 

 

 

সুনীল অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর একটি হতে পারে মহেশখালীর মাতারবাড়ী অঞ্চলে। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর বাংলাদেশের পণ্য পরিবহন ও আন্তর্জাতিক বাণিজ্যের সক্ষমতা বাড়ানোর একটি নতুন কৌশলগত উদ্যোগ। এ সমুদ্র বন্দরকে কেন্দ্র করে দেশের সামুদ্রিক বাণিজ্য ও শিল্পায়নের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। এর জন্য প্রয়োজন বন্দরের সাথে শিল্প, সরবরাহ ব্যবস্থা, প্রশিক্ষণ, প্রযুক্তি এবং স্থানীয় উদ্যোক্তাদের কার্যকর সংযোগ। বন্দরের সঙ্গে রেল, সড়ক ও অভ্যন্তরীণ নৌপথের কার্যকর সংযোগ স্থাপন করা গেলে পণ্য পরিবহনের ব্যয় ও সময় কমানো সম্ভব। মাতারবাড়ীর সংলগ্ন গুদাম বা পণ্য ওঠানামার সুবিধা রাখার পাশাপাশি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ, রপ্তানিমুখী প্যাকেজিং, শীতল সরবরাহ ব্যবস্থা, সামুদ্রিক যন্ত্রপাতি মেরামত, খাদ্যমান পরীক্ষাগার এবং লজিস্টিকস প্রযুক্তির মতো শিল্পকে অগ্রাধিকার দিতে হবে। বাংলাদেশ যদি আঞ্চলিক কার্গো ব্যবস্থাপনা, ট্রান্সশিপমেন্ট, জাহাজ মেরামত, সামুদ্রিক বীমা এবং মেরিটাইম সেবার কেন্দ্র হয়ে উঠতে পারে, তাহলে বৈদেশিক মুদ্রা আয়ের নতুন উৎস তৈরি হবে। মাতারবাড়ীর সাফল্যের মাপকাঠি শুধু বন্দরের পণ্য পরিবহনের পরিমাণ এর উপর নির্ভর করবে না। এর সাথে কত দেশীয় প্রতিষ্ঠান যুক্ত হলো, কত স্থানীয় মানুষ দক্ষ চাকরি পেলেন এবং কত নতুন শিল্প গড়ে উঠল সেসব বিষয়ও বিবেচনা করতে হবে। 

 

 

জাহাজ নির্মাণ শিল্প সুনীল অর্থনীতির অন্যতম বাস্তব সম্মত সম্ভাবনাময় খাত। দেশের নদী ও সমুদ্রকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা, দক্ষ শ্রমশক্তি এবং দীর্ঘদিনের জাহাজ নির্মাণ অভিজ্ঞতা এ শিল্পের বিকাশে সহায়ক হতে পারে। তবে বৈগ্রিক বাজারে প্রতিযোগিতা করতে হলে শুধু কম শ্রমমূল্যের ওপর নির্ভর করলে চলবে না। উন্নত নকশা, আধুনিক উৎপাদন প্রযুক্তি, মান নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং আন্তর্জাতিক সনদ অর্জন জরুরি। এতে একটি জাহাজ নির্মাণকে কেন্দ্র করে বহু ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ঘটবে। তবে আধুনিক রিসাইক্লিং অবকাঠামো, বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা, শ্রমিক প্রশিক্ষণ এবং নিরাপত্তা প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানো গেলে এ শিল্পের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়বে। 

 

 

সুনীল অর্থনীতির আরেকটি সম্ভাবনা হলো উপকূলীয় বাস্তুতন্ত্রকে অর্থনৈতিক সম্পদ হিসেবে বিবেচনা করা। উপকূলীয় ম্যানগ্রোভ, লবণাক্ত জলাভূমি এবং কিছু বিশেষ সামুদ্রিক বাস্তুতন্ত্রে কার্বন সঞ্চিত থাকে যা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। আমরা অনায়াসেই বলতে পারি একটি সুস্থ উপকূল মাছ, পর্যটন, জীববৈচিত্র্য ও মানুষের নিরাপত্তাকে একসঙ্গে সমর্থন করে। তাই প্রাকৃতিক সম্পদের ক্ষতি করে অর্জিত স্বল্পমেয়াদি মুনাফা যাতে দীর্ঘমেয়াদে অর্থনীতির ক্ষতি না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ভবিষতের সুনীল অর্থনীতি শুধু মাছ, বন্দর ও পর্যটনের ওপর নির্ভর করবে না। তথ্য ও প্রযুক্তিও এর গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে পারে। সমুদ্রের তাপমাত্রা, ঢেউ, স্রোত, মাছের সম্ভাব্য বিচরণক্ষেত্র, আবহাওয়া, উপকূলের পরিবর্তন এবং নৌযানের চলাচল সম্পর্কে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে নতুন ধরনের সেবা তৈরি করা যেতে পারে। কক্সবাজারে একটি সমন্বিত সামুদ্রিক তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা গেলে জেলে, বন্দর পরিচালনাকারী, গবেষক, পর্যটন উদ্যোক্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একই তথ্যভিত্তিক কাঠামো থেকে উপকৃত হতে পারবেন। এই কেন্দ্রের কাজ হতে পারে উপকূলীয় পরিবর্তনের ডিজিটাল মানচিত্র তৈরি, মাছ ধরার নিরাপদ সময় সম্পর্কে তথ্য সেবা, সামুদ্রিক আবহাওয়ার সতর্কতা, পরিবেশ পর্যবেক্ষণ এবং নৌপরিবহনের জন্য প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণ। এতে করে দক্ষ তরুনদের জন্য নতুন পেশাগত কর্মসংস্থান তৈরী হবে। 

 

 

কক্সবাজারের সুনীল অর্থনীতির দীর্ঘমেয়াদি সম্ভাবনার মধ্যে সমুদ্রবায়ু এবং সামুদ্রিক জীবপ্রযুক্তিও রয়েছে। উপকূলীয় এলাকায় বায়ুশক্তি উৎপাদন সম্ভব কি না, তা নির্ধারণের জন্য দীর্ঘমেয়াদি বাতাসের তথ্য, ঘূর্ণিঝড়ের ঝুঁকি, সঞ্চালন ব্যবস্থা, প্রকল্প ব্যয় এবং পরিবেশগত প্রভাব বিশ্লেষণ করতে হবে। একইভাবে সামুদ্রিক জীব প্রযুক্তির ক্ষেত্রে শৈবাল, অণুজীব এবং অন্যান্য সামুদ্রিক জৈব সম্পদ থেকে খাদ্য, কৃষি উপকরণ, প্রসাধনী কিংবা শিল্পে ব্যবহারযোগ্য উপাদান তৈরির গবেষণা করতে হবে। কক্সবাজারে সামুদ্রিক গবেষণা ও প্রযুক্তি কেন্দ্রগুলোর সক্ষমতা বাড়িয়ে বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা কর্মসূচি চালু করতে হবে। এতে করে কক্সবাজার কেবল প্রাকৃতিক সম্পদ আহরণের স্থান না হয়ে সামুদ্রিক জ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিভিত্তিক অর্থনীতির কেন্দ্র হিসেবেও বিকশিত হবে। বড় বন্দর, শিল্পাঞ্চল, পর্যটন অবকাঠামো এবং উপকূলীয় উৎপাদন বাড়ার সঙ্গে পরিবেশগত ঝুঁকিও বাড়বে বিধায় সেদিকে নজর দিতে হবে। 

 

 

কক্সবাজারের সুনীল অর্থনীতি সফল হতে হলে স্থানীয় মানুষের অংশগ্রহণ জরুরি। বড় বন্দর, পর্যটন কেন্দ্র ও শিল্পাঞ্চল গড়ে উঠলেও স্থানীয় জনগোষ্ঠী যদি প্রয়োজনীয় দক্ষতা, অর্থায়ন ও বাজারসংযোগ না পান, তবে উন্নয়নের সুফল অসমভাবে বণ্টিত হবে। এ সমস্যা সমাধানে স্থানীয়দের সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ, শীতল সরবরাহ ব্যবস্থা, নৌযান রক্ষণাবেক্ষণ, লজিস্টিকস, পর্যটন ব্যবস্থাপনা এবং ডিজিটাল বিপণনে প্রশিক্ষণ দিতে হবে। এছাড়া নারী উদ্যোক্তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, অর্থায়ন ও বাজার সংযোগ এর সুবিধা বৃদ্ধি করতে হবে। 

 

 

কক্সবাজারের জন্য একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন, যার কেন্দ্রবিন্দুতে থাকবে সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার, মূল্য সংযোজন এবং স্থানীয় মানুষের আয় বৃদ্ধি। কক্সবাজারের সুনীল অর্থনীতিকে বাস্তব রূপ দিতে একসঙ্গে সব খাতে বিপুল বিনিয়োগের প্রয়োজন নেই। বরং অগ্রাধিকার নির্ধারণ করে ধাপে ধাপে অগ্রসর হলে অধিক কার্যকর হবে। প্রথম পর্যায়ে, বিদ্যমান প্রকল্প, সামুদ্রিক সম্পদ, উপকূলীয় পরিবেশ এবং স্থানীয় জীবিকার একটি সমন্বিত তথ্য ভান্ডার তৈরি করা উচিত। মাছ সংরক্ষণ, লবণ চাষের প্রযুক্তি উন্নয়ন, পর্যটন এলাকার বর্জ্য ব্যবস্থাপনা এবং স্থানীয় কর্মীদের প্রশিক্ষণের মতো তুলনামূলকভাবে বাস্তবায়নযোগ্য উদ্যোগকে অগ্রাধিকার দিতে হবে। দ্বিতীয় পর্যায়ে, সামুদ্রিক জীবপ্রযুক্তি, নবায়নযোগ্য সামুদ্রিক জ্বালানি, পরিবেশসম্মত পর্যটন এবং বৈজ্ঞানিকভাবে পরিচালিত সামুদ্রিক চাষের মতো খাতে গবেষণা ও বিনিয়োগ বাড়াতে হবে। তৃতীয় পর্যায়ে, মহেশখালীর মাতারবাড়ী বন্দর ও শিল্প অবকাঠামোর সঙ্গে মাছ প্রক্রিয়াজাতকরণ, শীতল সরবরাহ ব্যবস্থা, স্থানীয় সরবরাহকারী, গবেষণা প্রতিষ্ঠান এবং দক্ষতা উন্নয়নকেন্দ্রের সংযোগ তৈরি করা প্রয়োজন। একই সময়ে পরিবেশগত নজরদারি ও সামুদ্রিক তথ্য সেবা সম্প্রসারণ করতে হবে। চতুর্থ পর্যায়ে, জাহাজ নির্মাণ ও এর যন্ত্রাংশ উৎপাদনে দীর্ঘমেয়াদি অর্থায়ন, সহজ শুল্কনীতি এবং রপ্তানি সহায়তা প্রয়োজন। তবে প্রতিটি উদ্যোগের ক্ষেত্রে অর্থনৈতিক সম্ভাব্যতা ও পরিবেশগত উপযোগিতা যাচাই করতে হবে। এই পরিকল্পনার অগ্রগতি মূল্যায়নের জন্য একটি সমন্বিত সূচক ব্যবস্থা থাকতে হবে। এতে শুধু বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানির পরিমাণ নয়; স্থানীয় কর্মসংস্থান, শ্রমিকের আয়, মাছের মজুদ, পরিবেশ দূষণ, উপকূলীয় ভূমি ক্ষয় এবং নারীর অংশগ্রহনের বিষয়ও অন্তর্ভুক্ত থাকতে হবে।

 

 

সর্বোপরি, কক্সবাজারের সুনীল অর্থনীতির সম্ভাবনা নিঃসন্দেহে বড়। কিন্তু এই সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে হলে কক্সবাজারের ভবিষ্যৎ সমুদ্রের গভীরতায় নয়, পরিকল্পনার গভীরতায় প্রকাশ করতে হবে। মাছ আহরণ, বন্দর নির্মাণ এবং পর্যটক সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সমুদ্রভিত্তিক উৎপাদন, প্রযুক্তি, গবেষণা, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় অর্থনৈতিক অংশগ্রহণকে এই পরিকল্পনায় যুক্ত করতে হবে। বাংলাদেশের সামনে এখন সুযোগ রয়েছে কক্সবাজারকে শুধু পর্যটন নির্ভর অঞ্চল হিসেবে নয়, বরং সমুদ্রভিত্তিক শিল্প, গবেষণা, উদ্ভাবন ও টেকসই সম্পদ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করার। এই রূপান্তরের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বৈজ্ঞানিক তথ্য, দক্ষ জনবল, কার্যকর সমন্বয় এবং দায়িত্বশীল বিনিয়োগ। বস্তুতপক্ষে, কক্সবাজারের সুনীল অর্থনীতির প্রকৃত সাফল্য নির্ভর করবে যে সম্পদ বাস্তবে রয়েছে, তার সঠিক মূল্য নিরূপণ করা, টেকসইভাবে ব্যবহার করা এবং তার সুফল ন্যায্যভাবে বণ্টন করা। সমুদ্রকে শুধু আহরণের উৎস হিসেবে নয়, অর্থনীতি ও প্রকৃতির দীর্ঘমেয়াদি অংশীদার হিসেবে বিবেচনা করলে কক্সবাজারের সুনীল সম্ভাবনা বাংলাদেশের টেকসই সমৃদ্ধিতে রূপ নিবে বলে আশাবাদী।                                                                                                                                       

 

লেখক: মেজর হাওয়া আকতার, বিএসসি (অর্নাস), এমএসসি (রসায়ন), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  

এমফিল, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস (বিইউপি)  

 পিএইচডি গবেষক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস (বিইউপি)  

জেনারেল স্টাফ অফিসার-২ (শিক্ষা), রামু সেনানিবাস, কক্সবাজার

ট্যাগ:BCSকলামবাংলাদেশ