বিশ্বজুড়ে জেন-জি বিক্ষোভে ইইউ ঐক্যে ফাটলের সম্ভাবনা

বিশ্বজুড়ে জেন-জি বিক্ষোভে ইইউ ঐক্যে ফাটলের সম্ভাবনা
কলামআন্তর্জাতিক

বিশ্বজুড়ে জেন-জি বিক্ষোভে ইইউ ঐক্যে ফাটলের সম্ভাবনা

২৮ অক্টোবর, ২০২৬

ড. ফরিদুল আলম [প্রকাশ : কালের কণ্ঠ, ২৮ অক্টোবর ২০২৬]

বিশ্বজুড়ে জেন-জি বিক্ষোভ একের পর এক ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে, যার বর্তমান হটস্পটে পরিণত হয়েছে ইউরোপ। এই ইউরোপের মধ্যে বর্তমানে সবচেয়ে জটিল অবস্থায় রয়েছে ফ্রান্স।


দেশজুড়ে এই আন্দোলনের শুরুটা শিক্ষার সংস্কার নিয়ে শুরু হলেও বর্তমানে এটি দানা বেঁধেছে জীবনযাত্রার সব খাতে অতিরিক্ত ব্যয় নিয়ে জন-অসন্তোষের প্রবল বিস্ফোরণের মাধ্যমে। আমরা জানি একসময় বিনা মূল্যে শিক্ষার জন্য ইউরোপ বিশ্বব্যাপী পরিচিতি পেলেও ক্রমান্বয়ে গুটিকয়েক দেশ ছাড়া বেশির ভাগ ইউরোপীয় দেশগুলোতেই শিক্ষা এখন আর ফি মুক্ত নয়। শিক্ষা খাতে ধারাবাহিকভাবে সরকারি ভর্তুকি কমিয়ে দেওয়া বা প্রত্যাহারের সঙ্গে শিক্ষক স্বল্পতা এবং শিক্ষা সরঞ্জামের অপ্রতুলতা মানুষকে এই খাত নিয়ে বিষিয়ে তোলে। ছাত্রদের এই আন্দোলনে এক পর্যায়ে সম্পৃক্ত হতে থাকে সমাজের সর্বস্তরের মানুষ, আর এর জেরে কয়েক সপ্তাহ ধরে ফ্রান্সের বড় শহরগুলোর বিপণিবিতান, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে আঘাত আসে।

 

বিক্ষোভ দমন করতে গতকাল পর্যন্ত ফ্রান্সে ৭০ হাজারের বেশি সরকারি বাহিনী মোতায়েন রয়েছে, গ্রেপ্তার করা হয়েছে হাজার হাজার মানুষকে। তবুও দমানো যাচ্ছে না। এটি এখন ফ্রান্সের সীমানার বাইরে গ্রিস, পর্তুগাল, বেলজিয়াম, ইতালি, স্পেন, আলবেনিয়াসহ ইউরোপের বাইরে ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশেও ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলনের আবহ ইউরোপে ছড়িয়ে পড়াটা আন্তর্জাতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে।


এর মূল কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই কার্যত ইউরোপ এবং যুক্তরাষ্ট্র বিশ্বকে শাসন করছে। অর্থনৈতিক, বিশ্বজুড়ে জেন-জি বিক্ষোভে ইইউ ঐক্যে ফাটলের সম্ভাবনাসামরিক এবং রাজনৈতিকভাবে এসব ভূমিকা গোটা বিশ্ব তথা তৃতীয় বিশ্বের অর্থনীতির জন্য এক ধরনের কার্যকর নির্ভরশীলতায় পরিণত করেছে। বাংলাদেশের কথাই যদি ধরি, তাহলে বলতে হয় দেশটির মোট রপ্তানির অর্ধেকের বেশি আসে এই ইউরোপ থেকে। ইউরোপের বিভিন্ন দেশে বিশাল সংখ্যার জনশক্তি রেমিট্যান্স প্রবাহে গুরুত্বপূর্ণ। ইউরোপের দেশগুলোতে রয়েছে একটা বড় সংখ্যার অভিবাসী, যারা মূলত এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশগুলো থেকে যাওয়া।

 

ফ্রান্সে মোট জনসংখ্যার সাত ভাগের এক ভাগ, অর্থাৎ প্রায় এক কোটি নাগরিক বিভিন্ন দেশের অভিবাসী। এর বাইরে দেশটিতে রয়েছে মোট জনসংখ্যার ৯ শতাংশ মুসলিম, তারাও মূলত বিভিন্ন মুসলিম দেশগুলো থেকে গিয়ে এক পর্যায়ে বংশানুক্রমিকভাবে দেশটির নাগরিকত্ব অর্জন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন আজ অভিবাসী নিয়ে অনেক নেতিবাচক মন্তব্য করলেও ইউরোপের মতো এসব অভিবাসীরাই কার্যত এসব দেশের অর্থনৈতিক ভিত্তিকে বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসব কথার অবতারণা এ কারণেই যে এসব আন্দোলনে অভিবাসীদের উসকানি রয়েছে বলে সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন। সমপ্রতি এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “সম্পূর্ণ ভিন্ন জগৎ থেকে আসা, হৃদয়ে ঘৃণা পোষণ করা একদল লোক দেশটিকে ধ্বংস করে দিচ্ছে।” তাঁর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, “বৈচিত্র্য এবং সহানুভূতির নামে পশ্চিমা উদারপন্থীরা তৃতীয় বিশ্বের মানুষকে ফ্রান্সে এনেছেন।”

 

বাস্তবে ট্রাম্প এবং ভ্যান্স যে কথাগুলো বলতে এবং প্রতিষ্ঠিত করতে চাইছেন, এটা কতটা সত্য, তা বিশ্লেষণ করলে আমরা দেখব যে অতীতের আন্দোলন এবং বিক্ষোভের সঙ্গে সাম্প্রতিক সময়ের বিক্ষোভকে এক করে দেখার সুযোগ নেই। অতীতে বিভিন্ন সময়ে বর্ণবাদ এবং অভিবাসীদের প্রতি বিরূপ আচরণকে কেন্দ্র করে বিচ্ছিন্নভাবে কিছু নাশকতার ঘটনা ঘটলেও এর রেশ প্রায় সঙ্গে সঙ্গেই কেটে গেছে। সাম্প্রতিক সময়ে এই আন্দোলন ফ্রান্সসহ অপরাপর দেশগুলোর কাঠামোগত বাস্তবতাকে চ্যালেঞ্জ করেছে। এর মধ্য দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে রাষ্ট্র পরিচালনায় সরকারগুলো যে নীতি অবলম্বন করে যাচ্ছে, তা বাস্তবসম্মত এবং সর্বজনীন নয়। জনগণের করের পয়সার বিনিময়ে জনকল্যাণের দিকটি উপেক্ষিত হয়ে আছে। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের মতো বিষয়গুলো মৌলিক হলেও সরকারি নীতির কারণে তা আজ মানুষের কাছে ব্যয়বহুল হিসেবে বিবেচিত হচ্ছে।

 

সরকারের কৃচ্ছ্রতাসাধনের নীতির বলি হতে হচ্ছে জনগণকে, অথচ সরকারকে এই মৌলিক খাতগুলোতে কৃচ্ছ্রতা সাধন করতে হচ্ছে বর্তমান সময়ের অপ্রয়োজনীয় কিছু যুদ্ধে এবং সামরিক সহায়তায় ব্যয় এবং এর ফলশ্রুতিতে জ্বালানি তেলসহ বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে। এর দায়ভার সাধারণ মানুষ মেনে নিতে চাইছে না। এখানে ডানপন্থী বনাম বামপন্থী রাজনৈতিক শক্তির প্রতিযোগিতাকেও বড় করে দেখা হচ্ছে। বিশেষ করে ফ্রান্সে আগামী বছরের এপ্রিল মাসের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জনমত জরিপে অনেকটাই এগিয়ে থাকা ডানপন্থী নেতা মেরিন ল্য পিন, এমনকি মধ্য বামপন্থী হিসেবে পরিচিত বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ পর্যন্ত এই রাজনৈতিক অস্থিরতার জন্য বামপন্থী দলকে এবং এর নেতা এবং অন্যতম প্রতিদ্বন্দ্বী নেতা জ্যা লুক মেলশোকে দায়ী করেছেন। এখানে উল্লেখ্য যে আগামী নির্বাচনে ডানপন্থীদের বিজয়ের উজ্জ্বল সম্ভাবনাকে নস্যাৎ করার লক্ষ্যে সাম্প্রতিক আন্দোলনকে একটি উপলক্ষ হিসেবে ব্যবহার করছে বামপন্থীরা—এমনটাও অনেকে মনে করছেন। আর সে ক্ষেত্রে সাধারণ মানুষের পপুলার ক্ষোভগুলোকে কাজে লাগানো হয়ে থাকতে পারে।

 

এই আন্দোলনকে পশ্চিমা শাসকদের অনেকে ইসলামফোবিয়া থেকে সৃষ্ট বলে একধরনের বয়ান তৈরি করার চেষ্টা করছেন। সে ক্ষেত্রে কয়েক মাস আগে মরক্কো থেকে জলপথ পাড়ি দিয়ে বিশালসংখ্যক মুসলিম অভিবাসীর স্পেনে প্রবেশের সঙ্গে তুলনা করছেন। সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের ফলে অসংখ্য মানুষের অভিবাসী হওয়া বা অভিবাসনের চেষ্টা করা, মুসলমানদের প্রতি পশ্চিমাদের বিরূপ আচরণ এবং এর মধ্য দিয়ে ইসলাম বিদ্বেষের সঙ্গেও তুলনা করা হচ্ছে।

 

 

কায়েমি রাজনৈতিক স্বার্থান্বেষী মহল এই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করছে বলেও বলা হচ্ছে। আসলে এ সবকিছুই এক ধরনের গুজব। বাস্তব অবস্থা হচ্ছে, ইউরোপ এক পরিবর্তনের সন্ধিক্ষণে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন-ইউরোপ স্বার্থের সম্পর্কের জায়গায় অনেকটাই ছেদ পড়েছে। আজ থেকে কয়েক বছর আগেও ইউরোপের দেশগুলোতে জাতীয়তাবাদী ডানপন্থী শক্তিগুলোর উত্থান আমরা দেখেছি। সেই জায়গায় আজ অধিকারের সংগ্রামে শামিল হয়ে লাখ লাখ লোক প্রতিদিন সমবেত হচ্ছে। এর মধ্য দিয়ে তাদের শক্তিমত্তার জানান দিতে পারলেও কার্যত ক্ষমতার জায়গায় পরিবর্তন ঘটানো সম্ভব হবে কি না—সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

 

 

উল্লিখিত অবস্থা থেকে এমনটাই ধারণা করে নেওয়া যায় যে সংখ্যাগরিষ্ঠরা শাসন করলেও, তাদের সমর্থনের পাল্লা ক্ষেত্রবিশেষে ভারী থাকলেও অনেক সময় সংখ্যালঘুরা পথে নেমে তাদের দাবিতে সোচ্চার আন্দোলন করে সরকারকে বিপর্যয়ে ফেলতে পারে। ফ্রান্সে এই আন্দোলনের মধ্য দিয়ে রাতারাতি মধ্য বামপন্থীদের হটিয়ে বামপন্থীরা ক্ষমতার কেন্দ্রে চলে আসবে—এমনটা নিশ্চিত করে বলা যায় না। তবে মানুষের জীবনযাত্রা নিয়ে পশ্চিমা উদার দেশগুলো এখন আর আগের মতো স্বস্তিকর অবস্থানে নেই। আজ থেকে এক যুগ আগে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার যথার্থতা এখন অনেকটাই প্রমাণিত।

 

 

 ইইউর ভেতর থেকে তুলনামূলক কম সুবিধা পেলেও ব্রিটেনকে আর্থিকভাবে অনেক বেশি মূল্য দিতে হচ্ছিল। দেশটি মনে করেছে, এটি তাদের জন্য কার্যকর নয়। আজ জার্মানি এবং ফ্রান্স ইইউর ভেতর যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় আর্থিক সহায়তাকারী দেশ। ফ্রান্সসহ ইউরোপজুড়ে বিক্ষোভ দমনে ইইউ তেমন কোনো ভূমিকাই রাখতে পারছে না। গত মাসে অনেকটা গোপনে ইইউ পার্লামেন্টে এক প্রস্তাব গৃহীত হয়, যেখানে ইসলামফোবিয়াকে এর পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটা আসলে ইইউর দিক থেকে ফ্রান্সকে সন্তুষ্ট করার জন্য এক দায়সারা উদ্যোগ বৈ কিছু নয়।

 

 

যে সংকটগুলো বর্তমানে বিরাজ করছে, এর পেছনে মূল কারণ হচ্ছে আর্থিক সমস্যা। ফ্রান্সের সরকারের এই সমস্যা মোকাবেলা করার আর্থিক সামর্থ্য নেই, এমনটা নয়। মূল বিষয়টা হচ্ছে, এসব দাবি মেনে নেওয়ার অর্থ হচ্ছে বামপন্থী এবং তাদের ভাষায় মুসলিম এবং অভিবাসীরা (যারা এই আন্দোলনকে সংগঠিত করছে বলে তারা মনে করছে, যদিও প্রকাশ্যে বলতে পারছে না) তাদের সাফল্য দাবি করবে এবং তাদের যারা সংগঠিত করছে এর মধ্য দিয়ে তারা ক্ষমতায় চলে আসবে। আর এমন কিছু ঘটলে ইউরোপজুড়ে এর রেশ দ্রুতই ছড়িয়ে পড়বে, যা শুধু ফ্রান্স কেন, ইউরোপের কোনো দেশই চাইবে না।

 

 

এর মধ্য দিয়ে শুধু ইউরোপ নয়, বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যের জায়গায়ও অনেক পরিবর্তন আসবে। বিষয়টি যুক্তরাষ্ট্রও অনুমান করতে পেরেছে। ভুল ডোনাল্ড ট্রাম্প নিজেও করেছেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি এরই মধ্যে একটি অবস্থান নিয়ে ফেলেছেন, ইউরোপের সঙ্গে অনেকটাই দূরত্ব সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় তাদের নতুন ঐক্য এবং এর দ্বারা সৃষ্ট নতুন পরিকল্পনাই ইউরোপকে এই বিপদ থেকে রক্ষা করতে পারে।

লেখক : অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ট্যাগ:BCSকলামআন্তর্জাতিক