
বাংলাদেশের উন্নয়ন : প্রবৃদ্ধি ও দারিদ্র্য হ্রাসের চ্যালেঞ্জ
∎ ড. মোহাম্মদ এ রব [সূত্র : ইত্তেফাক, ১৮ অক্টোবর ২০২৬]
বাংলাদেশের উন্নয়ন ভাবনায় দীর্ঘদিন ধরে দারিদ্র্য বিমোচনের প্রধান উপায় হিসেবে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই কৌশলের সাফল্যও কম নয়। লাখ লাখ মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছে, কর্মসংস্থান ও রপ্তানি বেড়েছে, জীবনযাত্রার মান উন্নত হয়েছে। কিন্তু সাম্প্রতিক তথ্য একটি অস্বস্তিকর প্রশ্ন সামনে নিয়ে এসেছে। তা হলো অর্থনীতি বড় হলেও দারিদ্র্য কমানোর গতি কেন আগের মতো নেই? কেন বহু পরিবার আবার অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে পড়ছে?
প্রশ্নটির উত্তর খুঁজতে উন্নয়ন অর্থনীতির পুরোনো একটি বিতর্কে ফিরে যেতে হয়। সেই বিতর্কটি হলো— আগে জাতীয় আয় বাড়িয়ে পরে বৈষম্য মোকাবিলা করা হবে, নাকি অর্থনীতি বড় হওয়ার সঙ্গে সঙ্গে সুযোগ ও সুফলের বিস্তারও নিশ্চিত করতে হবে? বাংলাদেশের অভিজ্ঞতা বলছে, প্রবৃদ্ধি অপরিহার্য হলেও তা যথেষ্ট নয়। কোন খাতে প্রবৃদ্ধি হচ্ছে, কতটা ভালো কাজ তৈরি হচ্ছে এবং উৎপাদনশীল সম্পদে কার প্রবেশাধিকার আছে, তার ওপর নির্ভর করে উন্নয়নের সুফল কত মানুষের কাছে পৌঁছাবে।
বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ দারিদ্র্য ও সমতা মূল্যায়ন ২০২৫’ প্রতিবেদনে দেশের উল্লেখযোগ্য অগ্রগতির চিত্র রয়েছে। ২০১০ থেকে ২০২২ সালের মধ্যে জাতীয় দারিদ্র্যের হার ৩৭ দশমিক ১ শতাংশ থেকে ১৮ দশমিক ৭ শতাংশে নেমেছে। চরম দারিদ্র্য কমেছে ১২ দশমিক ২ শতাংশ থেকে ৫ দশমিক ৬ শতাংশ। প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ বহুমাত্রিক দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে। অর্থনৈতিক সম্প্রসারণের পাশাপাশি শিক্ষা, কৃষির উৎপাদনশীলতা, অবকাঠামো ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ এই অর্জন ভূমিকা রেখেছে।
তবে একই প্রতিবেদনে দেখা যায়, ২০১৬ সালের পর ভোগব্যয় বাড়লেও দারিদ্র্য কমার গতি ধীর হয়েছে। ২০১০ থেকে ২০১৬ সালের মধ্যে দারিদ্র্যের হার ৩৭ দশমিক ১ শতাংশ থেকে ২৪ দশমিক ৪ শতাংশে নামে। বছরে গড় হ্রাস ছিল ১ দশমিক ৮ শতাংশ পয়েন্ট। পরবর্তী ছয় বছরে হারটি ১৮ দশমিক ৭ শতাংশে নামলেও বার্ষিক হ্রাস দাঁড়ায় প্রায় ১ দশমিক ৩ শতাংশ পয়েন্ট। একই সঙ্গে প্রবৃদ্ধির সুফল বণ্টন অসমতা বেড়েছে।
২০১০ থেকে ২০২২ সময়ে প্রবৃদ্ধির বিপরীতে দারিদ্র্য হ্রাসের স্থিতিস্থাপকতা বাংলাদেশে ছিল প্রায় শূন্য দশমিক ৯, যেখানে দক্ষিণ এশিয়ার গড় ছিল ১ দশমিক ৪। সহজভাবে বললে, একই হারে অর্থনীতি বাড়লেও বাংলাদেশে দারিদ্র্যের আনুপাতিক হ্রাস ছিল তুলনামূলকভাবে কম। অর্থনৈতিক সম্প্রসারণ ও পরিবারের কল্যাণের মধ্যকার সম্পর্ক দুর্বল হওয়ার এটি একটি স্পষ্ট লক্ষণ।
আগের পর্যায়ে শিল্পের প্রসার, বিশেষত তৈরি পোশাক খাত, বিপুলসংখ্যক মানুষের কাজের সুযোগ সৃষ্টি করেছিল। গ্রামের দরিদ্র পরিবারের নারীরাও সেই সুযোগ পেয়েছিলেন। শিল্প ও শহরের সেবা খাতের সম্প্রসারণের ফলে সামান্য সম্পদের অধিকারী পরিবারও শ্রমের মাধ্যমে আয় বাড়াতে পেরেছে। কিন্তু ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে সেই ধারায় দুর্বলতা দেখা দেয়। শিল্পে নতুন কর্মসংস্থান স্থবির হয়, শহরে সুযোগ সংকুচিত হয় এবং কৃষি আরো বেশি নতুন শ্রমিককে জায়গা দেয়। কৃষি গুরুত্বপূর্ণ আশ্রয় হিসেবে কাজ করলেও অকৃষি খাতের উৎপাদনশীলতা ও আয়ের সুযোগ পুরোপুরি প্রতিস্থাপন করতে পারেনি। ফলে অর্থনীতি বেড়েছে, কিন্তু অর্থবহ কাজ সৃষ্টির সঙ্গে তার যোগসূত্র দুর্বল হয়েছে।
বিশ্বব্যাংকের অক্টোবর ২০২৪-এর ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ উদ্বেগ আরো বাড়িয়েছে। সংস্থাটির হিসাবে, ২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধি ৩ দশমিক ৮ শতাংশ; ২০২৫-২৬ অর্থবছরেও একই প্রবৃদ্ধি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি দারিদ্র্য বৃদ্ধি, কর্মসংস্থানে স্থবিরতা, দুর্বল বিনিয়োগ ও অব্যাহত মূল্যস্ফীতি চড়া উঠে এসেছে। তাদের দাবি অনুযায়ী, গত চার বছরে দারিদ্র্যের হার বেড়েছে ৩.৮ শতাংশ।
এসব সমস্যার পেছনে দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতার সঙ্গে সাম্প্রতিক অর্থনৈতিক ও রাজনৈতিক অভিঘাতও রয়েছে। সব দায় একটি সরকার বা ঘটনার ওপর চাপানো যুক্তিসংগত নয়। তবে পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে, অল্প সঞ্চয়, অনিশ্চিত কাজ ও অপর্যাপ্ত সামাজিক সুরক্ষা নিয়ে বেঁচে থাকা পরিবারগুলো কতটা ঝুঁকির মধ্যে আছে।
এই ঝুঁকি বুঝতে আয় সৃষ্টি ও বণ্টনের প্রক্রিয়াটি দেখা প্রয়োজন। শ্রম, জমি, পুঁজি ও উদ্যোক্তা ইত্যাদি উৎপাদনের প্রধান উপাদান। এগুলোর মাধ্যমে মজুরি, ভাড়া, সুদ ও মুনাফাসহ বিভিন্ন আয় সৃষ্টি হয়। এসব সম্পদের মালিকানা ও ব্যবহারের সুযোগ নির্ধারণ করে অর্থনৈতিক সম্প্রসারণ থেকে কে কতটা লাভবান হবে।
স্বল্প আয়ের মানুষের প্রধান সম্পদ সাধারণত তার শ্রম। জমি ও সঞ্চয় কম, প্রাতিষ্ঠানিক অর্থায়নে ও প্রবেশাধিকার সীমিত। তাই তার উন্নতি নির্ভর করে উৎপাদনশীল কাজ এবং মূল্যস্ফীতি সমন্বয়ের পর প্রকৃত মজুরি বৃদ্ধির ওপর। শিল্পের প্রসার যখন কাজ সৃষ্টি করে, তখন প্রবৃদ্ধির সুফল সরাসরি তার কাছে পৌঁছায়। কিন্তু সুযোগ যখন পুঁজি, সম্পত্তি বা বিশেষ সুবিধায় ঋণ পাওয়ার ওপর বেশি নির্ভরশীল হয়, তখন সুফলও অল্প মানুষের হাতে কেন্দ্রীভূত হয়।
বিশ্বব্যাংকের মূল্যায়ন অনুযায়ী, ২০১০ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের আয়বৈষম্যের গিনি সূচক প্রায় ৫১ থেকে ৫৪ পয়েন্টে উঠেছে। এর অর্থ দারিদ্র্য কোনো সুবিধাই পায়নি, তা নয়। বরং উচ্চ আয়ের মানুষের লাভ তুলনামূলকভাবে বেশি হয়েছে। একই সময়ে শহরে নারীর শ্রমশক্তিতে অংশগ্রহণ প্রায় ৩৪ শতাংশ থেকে ২৪ শতাংশে নেমেছে। দারিদ্র্য হ্রাস ও সামাজিক অগ্রগতিতে নারীর শিল্পভিত্তিক কর্মসংস্থানের ভূমিকা বিবেচনায় এই পশ্চাদগতি উদ্বেগজনক।
বাংলাদেশের উচিত কর্মসংস্থান সৃষ্টিকারী প্রবৃদ্ধি ফিরিয়ে আনা, উৎপাদনশীল সম্পদে প্রবেশাধিকার বাড়ানো এবং রাজনৈতিক যোগাযোগের বদলে দক্ষতা ও উদ্যোগকে মূল্য দেওয়া। পোশাক খাত গুরুত্বপূর্ণ থাকবে। পাশাপাশি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশল, চামড়াজাত পণ্য ও অন্যান্য শ্রমঘন শিল্পের প্রসার প্রয়োজন। বিনিয়োগ আকর্ষণে নির্ভরযোগ্য জ্বালানি, কার্যকর অবকাঠামো, পূর্বাভাসযোগ্য বিধিব্যবস্থা ও রপ্তানি বাজারে প্রবেশের সুযোগ নিশ্চিত করতে হবে।
শিক্ষার প্রসারও প্রত্যাশিত কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে পারছে না। শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর উপযুক্ত কাজ না পেলে মানবসম্পদে বিনিয়োগের প্রত্যাশিত সুফল পাওয়া যায় না। এতে উন্নয়নের প্রতিশ্রুতির প্রতি আস্থাও ক্ষতিগ্রস্ত হয়। জমি ও অর্থায়নের অসম সুযোগ সমস্যাটিকে আরো গভীর করে। ভূমিহীন ও ক্ষুদ্র জমির অধিকারী পরিবার কৃষির আধুনিকায়ন থেকে যথেষ্ট লাভ তুলতে পারে না। ছোট উদ্যোগ সহজ শর্তে প্রাতিষ্ঠানিক ঋণ পায় না। অন্যদিকে ব্যাংক পরিচালনায় বিপুল অর্থ খেলাপি ঋণে আটকে থাকে। অক্টোবরের বিশ্বব্যাংক প্রতিবেদনের হিসাবে, ২০২৪ সালের জুনে খেলাপি ঋণ মোট ব্যাংকঋণের ৩৩ দশমিক ২ শতাংশে পৌঁছেছে। ঋণবণ্টন ও আর্থিক শৃঙ্খলার এই সংকট উৎপাদনশীল বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত করে।
তাই সমস্যা শুধু প্রবৃদ্ধির হার নিয়ে নয়। প্রবৃদ্ধি কীভাবে আয় ও সুযোগ তৈরি করছে, সেটিও বিবেচ্য। আগে প্রবৃদ্ধি অর্জনের যুক্তি ধরে নেয়, বিনিয়োগ ও পুঁজি সঞ্চয়ের সুফল একসময় কাজ, মজুরি ও চাহিদা বৃদ্ধির মাধ্যমে দরিদ্রদের কাছে পৌঁছাবে। এই যুক্তির ভিত্তি আছে। বিনিয়োগ ও উৎপাদনশীলতা ছাড়া স্থায়ী দারিদ্র্য হ্রাস সম্ভব নয়। কিন্তু সুফল আপনা-আপনি সবার কাছে পৌঁছাবে, এমন নিশ্চয়তা নেই।
হলিস চেনারি ও তার সহকর্মীরা ১৯৭৪ সালের ‘রেডিস্ট্রিবিউশন উইথ গ্রোথ’ গ্রন্থে ভিন্ন একটি পথ দেখিয়েছিলেন। প্রবৃদ্ধির পাশাপাশি দরিদ্র মানুষের উৎপাদনশীল সম্পদ ও আয়ের সুযোগ বাড়াতে হবে। অর্থাৎ আয় সৃষ্টি হওয়ার পর শুধু পুনর্বণ্টন নয়, উৎপাদন প্রক্রিয়াতেই ব্যাপক অংশগ্রহণের ব্যবস্থা থাকতে হবে।
বাংলাদেশের উচিত কর্মসংস্থান সৃষ্টিকারী প্রবৃদ্ধি ফিরিয়ে আনা, উৎপাদনশীল সম্পদে প্রবেশাধিকার বাড়ানো এবং রাজনৈতিক যোগাযোগের বদলে দক্ষতা ও উদ্যোগকে মূল্য দেওয়া। পোশাক খাত গুরুত্বপূর্ণ থাকবে। পাশাপাশি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশল, চামড়াজাত পণ্য ও অন্যান্য শ্রমঘন শিল্পের প্রসার প্রয়োজন। বিনিয়োগ আকর্ষণে নির্ভরযোগ্য জ্বালানি, কার্যকর অবকাঠামো, পূর্বাভাসযোগ্য বিধিব্যবস্থা ও রপ্তানি বাজারে প্রবেশের সুযোগ নিশ্চিত করতে হবে।
নারীর কর্মসংস্থান বাড়াতে সাশ্রয়ী শিশুযত্ন, নিরাপদ যাতায়াত, উন্নত কর্মপরিবেশ ও প্রশিক্ষণের সমান সুযোগ দরকার। ব্যাংকে শৃঙ্খলা ফেরানো, খেলাপি ঋণের নিষ্পত্তি, স্বাধীন তদারকি এবং ছোট উৎপাদনশীল উদ্যোগে ঋণপ্রবাহ বাড়ানোও জরুরি। গ্রামে জমির নিরাপদ ভোগদখল, স্বচ্ছ রেকর্ড, বাজারসংযোগ ও উচ্চমূল্যের কৃষিপণ্য উৎপাদনের সুযোগ আয় বাড়াতে পারে।
সামাজিক সুরক্ষার গুরুত্বও কম নয়। দারিদ্র্য মূল্যায়নে দেখা যায়, ২০২২ সালে দেশের সবচেয়ে দরিদ্র ২০ শতাংশ পরিবারের প্রায় অর্ধেক সামাজিক সহায়তা পেয়েছে। অথচ সবচেয়ে সচ্ছল ২০ শতাংশ পরিবারের মধ্যেও ৩৫ শতাংশ এই সহায়তা পেয়েছে। যথাযথ পরিবার বাছাই করা গেলে সমপরিমাণ ব্যয় বাড়ানো ছাড়াই দারিদ্র্য হ্রাসে বেশি ফল পাওয়া সম্ভব। আয় ও সম্পদের বিশ্বাসযোগ্য যাচাই এবং স্পষ্টত জাতীয় পরিবারতালিকা বাদ পড়া দরিদ্রদের কাছে সহায়তা পৌঁছাতে পারে।
তবে ভাতা উৎপাদনশীল কাজের বিকল্প নয়। মানুষকে শ্রম, উদ্যোগ ও সম্পদের মাধ্যমে পর্যাপ্ত আয় করার সুযোগ দিতে হবে; পাশাপাশি যারা তা করতে অক্ষম, তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
সামাজিক-অর্থনৈতিক স্থিতিশীলতাও অপরিহার্য। খাদ্য, বাসস্থান, যাতায়াত ও জ্বালানিতে দরিদ্র পরিবারের আয়ের বড় অংশ ব্যয় হয় বলে মূল্যস্ফীতি তাদের বেশি ক্ষতিগ্রস্ত করে। সরকারি আয়-ব্যয় শৃঙ্খলা, আর্থিক স্থিতিশীলতা, নির্ভরযোগ্য জ্বালানি ও বিনিয়োগকারীর আস্থা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ভিত্তি।
বাংলাদেশের উন্নয়নের এই সংকট কাটাতে প্রবৃদ্ধি ও বণ্টনের মধ্যে একটিকে বেছে নেওয়া যথেষ্ট নয়। দুটিকে একসঙ্গে এগিয়ে নিতে হবে। বিনিয়োগ, উৎপাদনশীলতা, কর্মসংস্থান ও সম্পদ ব্যবহারের সুযোগকে পরস্পরের সহায়কে রূপান্তর করতে হবে। জাতীয় আয় কতটা বাড়ল, সেটি উন্নয়নের একমাত্র মাপকাঠি নয়। সেই বৃদ্ধি কত মানুষের ভালো আয়ের কর্মসংস্থান, উন্নত জীবন ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করল, সেটিই আসল বিচার। যাদের শ্রম প্রবৃদ্ধি সৃষ্টি হয়, তারা তার সুফল যথার্থ অংশ পেলেই উন্নয়ন অর্থবহ হয়।
-
লেখক : ইউকেপ্রবাসী অর্থনীতিবিদ ও নীতি বিশ্লেষক



