
বাংলাদেশের সার্বভৌমত্বের গ্যারান্টি : পূর্বে গণচীন এবং পশ্চিমে মক্কা যৌথ প্রতিরক্ষা জোট
মোবায়েদুর রহমান [সূত্র : ইনকিলাব, ০৩ সেপ্টেম্বর ২০২৬]
মক্কা চুক্তি নিয়ে বাংলাদেশ এবং ভারতে তুমুল আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশে এ নিয়ে যতো আলোচনা হচ্ছে, এমন ব্যাপক ও বিস্তৃত আলোচনা আমি সাম্প্রতিককালে দেখিনি। এই আলোচনাকে আমি ইতিবাচকই বলবো। কারণ, অধিকাংশ আলোচনাতেই মন্তব্য করা হয়েছে, বাংলাদেশ যেনো এই চুক্তিতে যোগদান করে। কম সংখ্যায় হলেও বেশ কয়েকজন কলামিস্ট এবং টকশো আলোচক এই চুক্তিতে যোগদানের বিরোধিতা করেছেন। বিরোধিতাকেও আমি ওয়েলকাম করি। কারণ, এমন একটি ডিফেন্স প্যাক্টে যোগদান করা বা না করার সিদ্ধান্ত গ্রহণের আগে সংসদ থেকে শুরু করে জনগণের মধ্যে খোলামেলা আলোচনা হোক, সেটি গণতান্ত্রিক রাজনীতির সৌন্দর্য্য। গত শনিবার পর্যন্ত বাংলাদেশ এই ব্যাপারে নন কমিটাল ছিলো।
কিন্তু রবিবার সন্ধ্যার পর এই কলামটি লিখতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের মন্ত্রব্য পড়ার পর মনে হলো, চুক্তিভুক্ত দেশসমূহ নীরবে নিঃশব্দে এই প্যাক্টে জয়েন করার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশও এই ব্যাপারে পজিটিভ। তবে বৃহত্তর কূটনীতির স্বার্থে এখন সেটি প্রকাশ করছে না। রবিবার চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বলেছেন, তাতে না বলা কথাই বলা হয়েছে। এখানে বলা বোধ হয় অপ্রাসঙ্গিক হবে না যে, পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমানের জাতিসংঘের সভাপতি পদসহ বিপুল ব্যস্ততার কারণে এখন অস্থায়ীভাবে হুমায়ুন কবিরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাল ধরেছেন। শামা ওবায়েদ ওই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী থাকলেও তাকে যেসব বিষয় দেওয়া হয়েছে সেগুলোতে দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় বিষয় তার হাতে নাই।
গত রবিবার সাংবাদিকদের সাথে আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সউদী আরব ও তুরস্ক ইতিবাচক অবস্থানে রয়েছে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত অবস্থানে রয়েছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এরই অংশ হিসেবে দুদেশের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু হতে যাচ্ছে। তবে সংলাপের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে তিনি বলেন, সউদী আরব ও তুরস্ক এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। বাংলাদেশও বিষয়টি নিয়ে কোনো ঝুঁকি দেখছে না। চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত সম্পর্কে উন্নীত হয়েছে। এই সম্পর্কের ধারাবাহিকতায় দুদেশের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু হবে। তবে এ সংলাপ কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়ে সরকার আদ্যোপান্ত এবং অগ্র-পশ্চাৎ বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে বলে আমরা মনে করি। প্রসঙ্গত অতীতের কিছু অভিজ্ঞতা তুলে ধরতে চাই। কারণ, যে সময়কার কথা আমি বলবো সেই সময় এখনকার তরুণরা তো দূরের কথা, প্রৌঢ়দের অনেকের তখন জন্ম হয়নি। আর জন্ম নিলেও এসব বিষয় বোঝার ম্যাচিউরিটি অর্জন করেননি।
ভারত ভেঙে স্বাধীন রাষ্ট্র হিসাবে জন্ম লাভের পর পাকিস্তান পুরাপুরি মার্কিন শিবিরে ভিড়ে যায়। পক্ষান্তরে ভারত জোট নিরপেক্ষতার ধ্বজা উড়ালেও তৎকালীন পরাশক্তি সোভিয়েট ইউনিয়নের শিবিরে চলে যায়। পাকিস্তান আমেরিকার সাথে সরাসরি সামরিক চুক্তিতে আবদ্ধ হয়। এটি স্বাক্ষরিত হয় ১৯৫৪ সালে। তখন পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন গোলাম মোহাম্মদ এবং প্রধানমন্ত্রী ছিলেন বগুড়ার মোহাম্মদ আলী। একই বছর অর্থাৎ ১৯৫৪ সালে পাকিস্তান সিয়াটো (SEATO) চুক্তিতেও আবদ্ধ হয়। সিয়াটোও ছিলো একটি প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তির সদস্য ছিলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, ফিলিপাইনস ও থাইল্যান্ড। বাগদাদ চুক্তির সদস্য ছিলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, ইরান, ইরাক ও পাকিস্তান। বাগদাদ চুক্তির নাম পরবর্তীতে পরিবর্তন করে রাখা হয় সেন্টো (CENTO)। নাম পরিবর্তনের পর সদস্য সংখ্যা কমে গিয়ে ৪টিতে সীমিত হয়। এই ৪টি সদস্য ছিলো: আমেরিকা, তুরস্ক, ইরান ও পাকিস্তান। এসব সামরিক চুক্তি ছাড়াও পাকিস্তান একটি অর্থনৈতিক জোটেও যোগদান করে। সেটির নাম ছিলো: আরসিডি (RCD)। অর্থাৎ রিজিওনাল কো-অপারেশন ফর ডেভলপমেন্ট। আরসিডির সদস্য ছিলো: পাকিস্তান, ইরান ও তুরস্ক।
॥দুই॥
আমি এসব পুরোনা কাসুন্দি ঘাঁটছি একটি বিশেষ কারণে। অতীতে এসব চুক্তিতে অন্তর্ভুক্ত থাকার পরিণতি পাকিস্তানের জন্য সুখকর হয়নি। এর অর্থ কিন্তু এই নয় যে, মক্কা চুক্তিতে বাংলাদেশ যোগদান করলে তার পরিণামও বাংলাদেশের জন্য সুখকর হবে না। বরং বিপরীতটা ঘটারই অর্থাৎ উপকারের পাল্লাটাই ভারি হওয়ার সম্ভাবনা বেশি। এই প্রসঙ্গে একটু পরে আসছি। তার আগে অতীতের অপ্রীতিকর অভিজ্ঞতা নিয়ে দুটো কথা।
পাকিস্তানের জন্মের পর থেকেই ভারতের সাথে তার বৈরীতা। সেজন্য পশ্চিমারা এখনো লেখে, পাকিস্তান ও ভারত চিরবৈরী। ১৯৪৭ সালের ১৪ অগাস্ট পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হিসাবে জন্ম লাভ করে। তখন পাকিস্তানের সামরিক শক্তি বলতে তেমন কিছুই ছিলো না। ব্রিটিশরা ভারতে যে সামরিক বাহিনী রেখে গিয়েছিলো, তার প্রায় ৯০ শতাংশই পড়েছিলো ভারতের ভাগে। পাকিস্তানের এই দুর্বলতার সুযোগ নিয়ে কাশ্মীর গ্রাসের উদ্দেশ্যে ১৯৪৭ সালের ২২ অক্টোবর ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। ১৯৪৯ সালের ১ জানুয়ারি জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধ বিরতি হয়। যুদ্ধ বিরতির শর্ত ছিলো, কাশ্মীরে গণভোট হবে। গণভোটে নির্ধারিত হবে যে, সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরীরা কি ভারতে যোগদান করতে চান? নাকি পাকিস্তানে? নাকি স্বাধীন থাকতে চান? ৭৮ বছর পার হয়ে গেছে। ভারত জাতিসংঘের গণভোট সিদ্ধান্তের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাচ্ছে।
পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বিতীয় যুদ্ধ হয় ১৯৬৫ সালের সেপ্টেম্বর মাসে। ৬ সেপ্টেম্বর এই যুদ্ধ শুর হয় এবং শেষ হয় ২৩ সেপ্টেম্বর। এটিও হয় কাশ্মীর নিয়ে। পাক ভারত তৃতীয় যুদ্ধ হয় ১৯৭১ সালে। এটি বাংলাদেশ নিয়ে। পাকিস্তান ওপরে উল্লেখিত ৩টি সামরিক চুক্তিতে জয়েন করেছিলো এই আশায় যে, ভারত বড় রাষ্ট্র। বড়শক্তি। ভারতীয় আগ্রাসনের মুখে আমেরিকা এবং সিয়াটো ও বাগদাদ চুক্তিভুক্ত সদস্য রাষ্ট্রগুলো পাকিস্তানের পাশে দাঁড়াবে। তখন ইরান এবং তুরস্ক ছিলো কট্টর মার্কিনপন্থী। আজ ইরান মার্কিন যুদ্ধ দেখে অনেকে ভাবতেও পারবেন না যে, এই ইরানের শাসক ছিলেন সেদিন স¤্রাট রেজা শাহ পাহলভী, যাকে বলা হতো আমেরিকার পুতুল।
এসব চুক্তিতে যোগদান করা, বিশেষ করে আমেরিকার সাথে পাকিস্তানের ডিফেন্স প্যাক্ট করার আরেকটি কারণ ছিলো এই যে, আমেরিকার অত্যাধুনিক সমরাস্ত্র পেয়ে পাকিস্তান সামরিকভাবে শক্তিশালী হবে। যখন পাক-ভারত যুদ্ধ হয়, তখন পাকিস্তান আমেরিকার সাহায্য চাইলে আমেরিকা বলে যে, ঐ সমস্ত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে কমিউনিজমের মোকাবেলা করার জন্য। তখন বিশ^ দ্বি মেরু কেন্দ্রিক ছিলো। এক দিকে আমেরিকা, আরেক দিকে সোভিয়েট ইউনিয়ন। চীন আমেরিকার সাথে ছিলো। তবে চীন সেদিন ছিলো একটি দরিদ্র দেশ। যাই হোক, পাক-ভারত যুদ্ধের সময় আমরা দেখি যে, পাকিস্তান ভারতের বিরুদ্ধে লড়ছে লক্কড় ঝক্কড় অত্যন্ত সেকেলে এফ-৮৬ স্যাবর জেট নিয়ে। আর ভারত লড়ছে সেই সময় সোভিয়েট ইউনিয়নের সর্বাধুনিক জঙ্গি বিমান মিগ-২১ নিয়ে। তখন পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষকরা টিটকারি মারতেন যে, পাকিস্তান তার বেবি ট্যাক্সি নিয়ে মোটর গাড়িকে ধাওয়া করছে।
॥তিন॥
এই ছিলো পাকিস্তানের পক্ষে আমেরিকার সাথে সামরিক জোট বাঁধার পরিণতি। মার্কিন সামরিক সাহায্যকে পাকিস্তানের মরহুম সামরিক প্রেসিডেন্ট জিয়াউল হক বলতেন, ‘পিনাট’ বা চীনা বাদাম। কিন্তু তাই বলে চীনের সাথে জোট বাঁধা বা মক্কা চুক্তিতে যোগদান করলে যে একই পরিণতি হবে সেটা মোটেই ঠিক নয়। বরং চীনের সাথে থেকে পাকিস্তানের অনেক লাভ হয়েছে। সাফ দিলে বলতে গেলে বলতে হয় যে, ১৯৭১ সালে পাকিস্তানের যে সামরিক শক্তি ছিলো, আজ পাকিস্তানের সামরিক শক্তি সে তুলনায় অনেক অনেক বেশি। সেটির প্রমাণ পাওয়া গেছে কয়েক মাস আগে ঘটে যাওয়া পাক-ভারত যুদ্ধে। সেখানে পাকিস্তান ভারতের সর্বাধুনিক ফরাসি জঙ্গি বিমান রাফালকে চীনা জে-১০ সি দিয়ে ভূপাতিত করেছে। চীনা প্রযুক্তির সহায়তায় নির্মিত পাকিস্তানের জে-১৭ থান্ডার দিয়ে রাশিয়ার নির্মিত মিগ-২৯ বিমানকে ভূপাতিত করেছে।
পাকিস্তান আজ বিশে^র ৯টি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের অন্যতম। অপর ৮টি রাষ্ট্র হলো: যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, ইসরাইল ও উত্তর কোরিয়া। আজ আমি এই কলামের মাধ্যমে ইনকিলাবের সমস্ত পাঠককে একটি অতীব গুরুত্বপূর্ণ গ্রন্থ পড়ার আহবান জানাচ্ছি। গ্রন্থটির নাম, ‘দ্য ম্যান ফ্রম পাকিস্তান’। লেখক ডগলাস ফ্রানৎজ ও ক্যাথেরিন কলিন্স। অনুবাদ করেছেন শেখ আব্দুল হাকিম। ২৮০ পৃষ্ঠার এই গ্রন্থটিতে পাঠক রুদ্ধশ^াসে পড়বেন, কীভাবে আমেরিকা পদে পদে পাকিস্তানের আনবিক শক্তি অর্জনে প্রচন্ড বাধা হয়ে দাঁড়িয়েছিলো। আর কীভাবে সমস্ত বাধার বিন্ধ্যাচল পেরিয়ে পাকিস্তানের জাতীয় বীর বৈজ্ঞানিক আব্দুল কাদির খান পাকিস্তানকে অ্যাটম বোমা উপহার দিয়েছেন।
একথা আজ ওপেন সিক্রেট যে, চীন অতি সংগোপনে পারমাণবিক প্রযুক্তির অংশ বিশেষ পাকিস্তানকে সরবরাহ করেছিলো। আর পাকিস্তানও পারমাণবিক প্রযুক্তির অংশ বিশেষ উত্তর কোরিয়াকে সরবরাহ করেছিলো। পাকিস্তান ইরানকেও এই প্রযুক্তির অংশ বিশেষ সরবরাহ করেছে। লিবিয়ার গাদ্দাফী বলেছিলেন, যতো টাকা লাগুক, তিনি দেবেন। তবুও তিনি পাকিস্তানের নিকট থেকে নিউক্লিয়ার টেকনোলজি চান। কিন্তু তার আশা পূরণ হয়নি। তার আগেই ন্যাটোর অস্ত্রবাজরা তাকে একটি সুড়ঙ্গের মধ্যে নৃশংসভাবে হত্যা করেছে।
বাংলাদেশ যদি মক্কা চুক্তিতে যোগদান করে তাহলে তার জন্য প্রধান সুবিধা হবে সউদী আরবের অঢেল অর্থের হিস্যা। সেই সাথে জ¦ালানির অর্থাৎ তেলের নিরাপত্তা। এছাড়া সউদী আরবে বাংলাদেশি কর্মী পাঠানোর সংখ্যা আরো বৃদ্ধি পাবে। বাংলাদেশ পাবে তুরস্কের সর্বাধুনিক টেকনোলজি। উল্লেখ করা যেতে পারে যে, ন্যাটোর ৩২টি রাষ্ট্রের মধ্যে আমেরিকার পরেই প্রযুক্তিগভাবে ইংল্যান্ড, জার্মানী ও ফ্রান্সের স্থান। কিন্তু আজ প্রযুক্তির ক্ষেত্রে ইংল্যান্ড, জার্মানী ও ফ্রান্সের কাতারে দাঁড়িয়েছে তুরস্ক। তুরস্কের ড্রোন পৃথিবী বিখ্যাত। রাশিয়া ইউক্রেন যুদ্ধে তুরস্কের ড্রোন ক্রয় করছে। বাংলাদেশে বগুড়ায় যে বিমানবন্দর এবং বিমান ঘাঁটি হবে সেখানে তুরস্কের প্রযুকিক্তগত সহায়তা নিয়ে ড্রোন নির্মাণ করা হবে।
বাংলাদেশের এই তিন মিত্র ছাড়াও রয়েছে গণচীন। যে ভারত বাংলাদেশের মিলিটারি গড়তে দেয়নি, বরং ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর ম্যাসাকারে বাংলাদেশের সেনাবাহিনীকে খতম করতে চেয়েছিলো, সেই সামরিক বাহিনীর একটি শাখা বিমান বাহিনীকে চীন ২০টি রাফাল বিধ্বংসী জে-১০ সি যুদ্ধ বিমান দিচ্ছে। এছাড়া বাংলাদেশ চীন থেকে পাবে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র এবং নৌবাহিনীর জন্য জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র।
এখানে উল্লেখ করা যেতে পারে যে, বাংলাদেশ নৌবাহিনী ইতোমধ্যেই চীন থেকে দুটি সাবমেরিন সংগ্রহ করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের তথ্য মোতাবেক অতি সহসাই চীনের সাথে প্রতিরক্ষা বিষয়ক স্ট্র্যাটেজিক আলোচনা শুরু হবে।
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে কোনো মন্তব্য করা থেকে আমি বিরত রইলাম। কিন্তু পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি সম্পর্কে বলতে পারি, এ পর্যন্ত বাংলাদেশ সঠিক পথেই এগুচ্ছে। বাংলাদেশ যদি পূর্বে চীনের স্ট্র্যাটেজিক পার্টনার হয় এবং পশ্চিমে মক্কা প্রতিরক্ষা চুক্তির সদস্য হয়, তাহলে ভারত বাংলাদেশের দিকে রক্তচক্ষু মেলে তাকানোর আগে কয়েকবার ভাববে। আর তার পরেও যদি দুঃসাহস করে তাহলে উত্তর পূর্ব ভারতে সৃষ্টি হবে তার প্রচন্ড আলোড়ন। কিউবা ছোট রাষ্ট্র হয়েও সোভিয়েট ইউনিয়নের সহায়তায় আমেরিকার বিরুদ্ধে তার সার্বভৌমত্ব রক্ষা করেছে। বাংলাদেশও চীন ও মক্কা প্রতিরক্ষা চুক্তির সহায়তায় তার সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম হবে।



