বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন মাত্রা

বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন মাত্রা
কলামবাংলাদেশ

বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন মাত্রা

৩০ অক্টোবর, ২০২৬

এ কে এম আতিকুর রহমান [[সূত্র : কালের কণ্ঠ; ৩০ অক্টোবর ২০২৬]

২৬ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের এক সরকারি সফরে জাপান যান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তাঁর তৃতীয় দ্বিপক্ষীয় সফর।

 

এর আগে এ বছরের জুন মাসে তিনি মালয়েশিয়া ও চীনে দ্বিপক্ষীয় সফরে গিয়েছিলেন। অবশ্য সেপ্টেম্বরে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়া উপলক্ষে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার জাপানে তাঁর এই সফর নিঃসন্দেহে দুই দেশের সম্পর্ককে আরো সম্প্রসারিত, দৃঢ়তর এবং বহুমুখীকরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

 

 

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

 

 

তিনি জাইকার প্রেসিডেন্ট, জেট্রোর প্রেসিডেন্ট, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নর, জাপান-বাংলাদেশ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির (জেবিসিসিইসি) প্রেসিডেন্ট এবং জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের একটি প্রতিনিধিদল ছাড়াও বেশ কয়েকটি জাপানি কম্পানির সঙ্গেও বৈঠকে মিলিত হন। সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী জাপানের চিবা প্রিফেকচারের ফুতসু শহরের এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র, ইউনিক্লোর প্রধান কার্যালয় এবং নাগোয়ার বিখ্যাত টয়োটা কারখানাও পরিদর্শন করেন।

 

২৭ অক্টোবর দুই দেশের মধ্যে অনুষ্ঠিত আনুষ্ঠানিক বৈঠকে অংশগ্রহণকারী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দুই প্রধানমন্ত্রী। বৈঠকে দুই পক্ষের মধ্যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে খোলাখুলিভাবে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

 

দুই নেতাই অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির প্রতি তাঁদের অঙ্গীকারের ওপর জোর দেন। দ্বিপক্ষীয় বিষয়গুলোর মধ্যে জ্বালানি, তথ্য ও তথ্য-প্রযুক্তি, রেলপথ ও অবকাঠামো, গভীর সমুদ্রবন্দর এবং প্রত্যক্ষ বিনিয়োগের (এফডিআই) ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি নিয়ে উভয় পক্ষ অভিন্ন অঙ্গীকার ব্যক্ত করে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

 

দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) অবকাঠামো, দক্ষ বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ ও অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান। তিনি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আধুনিক ও সমন্বিত যোগাযোগ অবকাঠামোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে এসব অবকাঠামো প্রকল্পের পরিকল্পনা প্রণয়ন, কারিগরি সহায়তা, বিনিয়োগ এবং অর্থায়নে জাপানের সহযোগিতা চান।

 

তিনি প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলার জন্য জাপান-বাংলাদেশ টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব দেন, যাতে জাপানের কম্পানি, বিশ্ববিদ্যালয় ও বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের উদ্যোক্তা ও প্রযুক্তি খাতের দক্ষ জনশক্তির মধ্যে সংযোগ স্থাপিত হয়। বৈঠকে তিনি দুই দেশের মধ্যে সহযোগিতা আরো শক্তিশালী ও ফলপ্রসূ করার লক্ষ্যে একটি যৌথ কমিশন গঠনেরও প্রস্তাব রাখেন।

 

বৈঠকে মাতারবাড়ী-মহেশখালী এলাকাকে জ্বালানি, শিল্প ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করতে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত হয়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ, এমআরটি লাইনগুলোর নির্মাণ ত্বরান্বিত করা এবং গভীর সমুদ্রবন্দরের পরিচালনা ও ব্যবস্থাপনায় ভবিষ্যতে জাপানের সহযোগিতা নিয়েও আলোচনা হয়। প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয় দুই দেশ। জাপানের সরকারি উন্নয়ন সহায়তায় একটি টহল জাহাজ এবং সরকারি নিরাপত্তা সহায়তা কর্মসূচির আওতায় পাঁচটি টহল নৌযান দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া যায়। জাপান বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে বলে জানান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

 

 

তিনি বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিবেশ উন্নত করার প্রয়োজনীয়তার কথা বললে বাংলাদেশের প্রধানমন্ত্রী করব্যবস্থা, শুল্কছাড়, অর্থ স্থানান্তর, লাইসেন্স প্রদানসহ অন্যান্য ব্যাবসায়িক কার্যক্রম সহজ করার ক্ষেত্রে স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানোর অঙ্গীকার প্রদান করেন। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে স্বাক্ষরিত স্মারককে স্বাগত জানিয়ে উভয় নেতা অদূরভবিষ্যতে বাংলাদেশে জাপানি ব্যবসায়ী প্রতিনিধিদল প্রেরণ এবং অর্থনৈতিক সংলাপ আয়োজনের পরিকল্পনার কথা বলেন।

 

 

দুই প্রধানমন্ত্রী জাতিসংঘ, ইন্দো-প্যাসিফিক অঞ্চল, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় বহুপাক্ষিকতা, আন্তর্জাতিক শান্তি ও আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার বিষয়ে উভয় দেশ তাদের প্রতিশ্রুতির কথা জানায়। একটি অবাধ, উন্মুক্ত, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠার অভিন্ন দৃষ্টিভঙ্গি ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্যের অবাধ প্রবাহ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে দুই দেশের সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার উল্লেখ করেন। তিনি মিয়ানমারে বিদ্যমান পরিস্থিতির উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপের মাধ্যমে ওই সংকট নিরসনের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাংলাদেশকে ১৭ কোটি জনগোষ্ঠীর এক বিশাল বাজার হিসেবে উল্লেখ করেন, যা জাপানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়াকে সংযুক্তকারী হিসেবে বাংলাদেশের গুরুত্বের কথাও বলেন। তিনি বলেন, ‘দুই দেশ সরকারি ও বেসরকারি পর্যায়ের উদ্যোগের মাধ্যমে তাদের কৌশলগত অংশীদারিকে আরো জোরদার করার লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করবে।’ আগামী পাঁচ বছরে বাংলাদেশে জাপানের বেসরকারি খাতের বিনিয়োগ এক ট্রিলিয়ন ইয়েন পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিনিয়োগের ফলে দুই লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টির আশাবাদ ব্যক্ত করা হয়। দুই প্রধানমন্ত্রী ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন, যা দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার মূলভিত্তি হিসেবে কাজ করবে।

 

 

জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকাহিকোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জীবনমান উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। তারেক রহমান জাপানের সহায়তায় বাংলাদেশে চলমান বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি বর্তমান উন্নয়ন অগ্রাধিকার বিবেচনায় জাপানের কাছ থেকে সহজ শর্তে ঋণ সহায়তা অব্যাহত রাখা এবং কারিগরি সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জাইকার প্রেসিডেন্ট বাংলাদেশের উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। জাপান-বাংলাদেশ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির (জেবিসিসিইসি) প্রেসিডেন্ট ও মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারি আরো সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে অংশীদারি চুক্তি (ইপিএ) কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন ব্যাবসায়িক সুযোগ সৃষ্টির প্রত্যাশাও ব্যক্ত করেন।

 

 

এই সফর নিঃসন্দেহে জাপান ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে জোরদার করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নের জন্য জাপানি সহযোগিতা এবং বিনিয়োগের সুফল পেতে হলে বাংলাদেশের নেতৃত্বকে আন্তরিক, কৌশলী ও প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা, সময়সীমা নির্ধারণ, অর্থের যথাযথ ব্যবহার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় অপরিহার্য হবে। বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগ পরিবেশকে অবশ্যই বিনিয়োগকারীদের নিশ্চয়তা দেবে এমন বিনিয়োগবান্ধব অবস্থায় নিয়ে যেতে হবে। সেটি করতে সক্ষম না হলে বিনিয়োগে স্থবিরতা দেখাটাই স্বাভাবিক। 

 

এই সফরে বিভিন্ন আলোচনায় অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার রয়েছে। সেই অঙ্গীকার সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে দেশের সার্বিক অবকাঠামো, কর্মসংস্থান, বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন আশা করা যায়। অন্যদিকে জাপানি বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকে বিনিয়োগের যে প্রতিশ্রুতি পাওয়া গেছে, তার সুষ্ঠু বাস্তবায়ন ভবিষ্যতে আরো জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করবে। আর তখনই এই সফরের সফলতা আসবে, দুই দেশকে সম্পর্কের নতুন দিগন্তে নিয়ে যাবে। বাংলাদেশ ও জাপানের উন্নয়নের অংশীদারি যে আস্থা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে এগিয়ে যাচ্ছে, তা দুই দেশের জনগণকে আরো কাছে নিয়ে আসবে—সেই প্রত্যাশাই রইল।

 

লেখক : সাবেক রাষ্ট্রদূত ও সচিব

ট্যাগ:BCSকলামবাংলাদেশ