
বাংলাদেশ-চীন সম্পর্কের গতিপ্রকৃতি
মোশাররফ হোসেন ভূঁইয়া [সূত্র : কালবেলা; ২৪ জুলাই ২০২৬]
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের তাৎপর্য এবং বাংলাদেশ-চীন সম্পর্কের দীর্ঘ প্রায় একান্ন বছরের সাফল্য ও সীমাবদ্ধতা আলোচনার জন্য এ লেখার অবতারণা। নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরে বাংলাদেশের সরকারপ্রধান মালয়েশিয়া ও চীনকে বেছে নেন। ২১ জুন ২০২৬ তিনি মালয়েশিয়া সফর করেন এবং দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমসহ বেশ কজন মালয়েশীয় মন্ত্রীর সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে সফল আলোচনার পর ২২ জুন তিনি চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সভায় যোগদানের উদ্দেশ্যে রওনা হন।
২৩ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান ফোরামের কয়েকটি সেশনে অংশগ্রহণ করে ভাষণ প্রদান করেন। দালিয়ান থেকে ট্রেনে ২৪ জুন বেইজিং পৌঁছান। চীনের রাজধানীতে তিনি প্রধানমন্ত্রী লি কিয়াং এবং প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে পৃথক বৈঠক করেন। সফর শেষে ২৬ জুন বিকেলে তিনি দেশে প্রত্যাবর্তন করেন। চীনের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট ছাড়াও দেশটির পানি সম্পদমন্ত্রী লি গোয়োইংসহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর শীর্ষ নির্বাহীদের সঙ্গে বাংলাদেশের সরকারপ্রধান ও তার প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সফরে বাংলাদেশ সঙ্গে চীনের মোট ১৭টি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে ১৩টি দুদেশের মন্ত্রণালয় পর্যায়ে, তিনটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (BIDA) সঙ্গে চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের এবং একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আভাস পাওয়া যায় যে, এ সফর শেষে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ঋণ সহায়তা ও সরাসরি অনুদান বাবদ ৩ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া যেতে পারে। প্রধানমন্ত্রীর এ সফর থেকে আশাবাদ ব্যক্ত করা হয়ে যে, বাংলাদেশ-চীন সম্পর্ক আগামীতে নতুন উচ্চতায় উন্নীত হবে।
গণচীন ১৯৭৫ সালের আগস্টে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। একই বছরের অক্টোবরে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। চীনের সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ে যোগাযোগ স্থাপিত হয় ১৯৭৭ সালে। তৎকালীন সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান ১৯৭৭ সালে চীন সফরে গেলে তাকে চীনা প্রধানমন্ত্রী চৌ এনলাই বিমানবন্দরে স্বাগত জানান। পরবর্তী সময়ে ১৯৮০ সালে প্রেসিডেন্ট হিসেবেও জেনারেল জিয়াউর রহমান ফের চীন সফর করেন। বিদেশি রাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্কের মৌলিক নীতি হচ্ছে সব ধরনের সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থকে সবার ওপরে জায়গা দেওয়া।
১৯৭৫ সালের অক্টোবরে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর থেকে বাংলাদেশের সঙ্গে চীনের মৌলিক চরিত্র বদলায়নি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও বেশ কয়েকবার চীনে রাষ্ট্রীয় সফরে গমন করেন। শেখ হাসিনার সরকারের সময় চীনের সহায়তায় অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়িত হয়েছে। ২০১৬ সালে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরে বাংলাদেশ-চীন সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছে। এ সফরে বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি ও শিল্পখাতে চীনের অর্থায়নে বেশ কটি প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। সামরিক, স্বৈরাচার বা গণতান্ত্রিক যে কোনো সরকার থাকুক না কেন, বাংলাদেশ সরকারের সঙ্গে চীনের সম্পর্ক কখনো খারাপ হয়নি।
চীন বর্তমানে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ চীন থেকে ২২ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের পণ্য আমদানি করেছে। একই সময়ে বাংলাদেশ চীনে প্রায় ৮৫০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। আমদানির বেশিরভাগই শিল্পায়ন ও রপ্তানিমুখী উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি এবং মধ্যবর্তী শিল্পপণ্য। ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে চীনের প্রতিশ্রুত বিনিয়োগের পরিমাণ ৩০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। বেশিরভাগ ঋণ ছিল অবকাঠামো উন্নয়নের জন্য। পদ্মা সেতুর রেল সংযোগ, পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র এবং কর্ণফুলী টানেল ছিল চীনের ঋণসহায়তায় বাস্তবায়িত উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে অন্যতম। অনেকের মতে চীন সাপ্লাইয়ার্স ক্রেডিটে নির্মিত বেশ কটি প্রকল্প ছিল অতিমূল্যায়িত।
এরই মধ্যে পদ্মা সেতুর ওপর দিয়ে রেল সংযোগ এবং কর্ণফুলী টানেল প্রকল্পের ঋণ পরিশোধ শুরু হয়েছে। কিন্তু এসব প্রকল্পের আয় থেকে ঋণ পরিশোধের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান হচ্ছেনা। চীনের জি টু জি ঋণের আওতায় প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় প্রশাসনিক দক্ষতার সঙ্গে দরকষাকষি না করলে ভবিষ্যতেও অতিমূল্যায়িত প্রকল্প গ্রহণের ঝুঁকি থাকতে পারে। চীনের ঋণসহায়তায় বেশ কটি উন্নয়ন প্রকল্প এখনো চলমান। এগুলো যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকে বাংলাদেশ ও চীন সরকারকে লক্ষ্য রাখতে হবে। যেহেতু সরকার পরিবর্তন ও রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক প্রকল্পের কাজ স্থগিত রয়েছে, এসব প্রকল্প চালু করে ঋণের সুদ হার কমানো এবং পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে বাংলাদেশ সরকার চীনের সঙ্গে আলোচনা করতে পারে।
বর্তমানে বাংলাদেশে প্রায় এক হাজার চীনা প্রতিষ্ঠান বিভিন্ন খাতে ব্যবসা ও বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করছে। তৈরি পোশাক, বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ ও তথ্যপ্রযুক্তি খাতে চীনা বিনিয়োগে প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠানে বহু লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ডিজিটাল রূপান্তরেও চীনের অবদান দৃশ্যমান। টেলিযোগাযোগ নেটওয়ার্ক, ফাইবার অপটিক অবকাঠামো, ডাটা সেন্টার, ক্লাউড কম্পিউটিং এবং স্মার্ট প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রতিষ্ঠানে চীনা প্রযুক্তির ব্যাপক ব্যবহার হচ্ছে। দেশের ইলেকট্রনিক পণ্য, ল্যাপটপ কম্পিউটার, মোবাইল ফোনসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য উৎপাদনে চীনা প্রযুক্তি, যন্ত্রপাতি ও কাঁচামাল একচেটিয়া ব্যবহৃত হচ্ছে। কৃষিক্ষেত্রে চীনের সরবরাহকৃত উন্নতমানের প্রযুক্তি, উচ্চফলনশীল বীজ এবং আধুনিক কৃষিযন্ত্র বাংলাদেশের কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের উল্লেখযোগ্য অর্জন হচ্ছে—বেশকিছু প্রকল্পে নতুন বিনিয়োগের চুক্তি এবং চলমান স্থগিত উন্নয়ন প্রকল্পগুলোর অর্থায়ন নিশ্চিত করা। চীন বাংলাদেশের নতুন সরকারকে আশ্বস্ত করেছে যে, বাংলাদেশ চীনের দীর্ঘমেয়াদি কৌশলগত অগ্রাধিকারের অংশ হিসেবে থাকবে। উপরন্তু বিএনপি সরকার নতুনভাবে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে একটি বৃহৎ রাষ্ট্রের আস্থা অর্জন করতে পেরেছে। তবে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশকে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে। মোংলা সমুদ্রবন্দরের আধুনিকায়ন এবং তিস্তা প্রকল্প চীনের সহায়তায় করার আগ্রহকে ভারত ইতিবাচকভাবে নিচ্ছে না। তা ছাড়া বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোর বাস্তবায়নের উদ্যোগও ভারত ও যুক্তরাষ্ট্রের কৌশলগত উদ্বেগের কারণ হতে পারে বলে অভিজ্ঞ মহলের ধারণা।
বাংলাদেশে চীনের বৃহৎ বিনিয়োগ গ্রহণের ক্ষেত্রে প্রতিটি প্রকল্পের অনুকূল অর্থনৈতিক রিটার্ন (ERR) প্রাপ্তির বিষয়ে সতর্ক থাকতে হবে। চীনের কাছ থেকে বিপুল ঋণ গ্রহণ করে শ্রীলঙ্কা, পাকিস্তান এবং আফ্রিকার কয়েকটি দেশ ঋণের ফাঁদে পড়ে গেছে। এসব দেশের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের শিক্ষা নেওয়া প্রয়োজন। বিনিয়োগ আকর্ষণই বড় কথা নয়; সেই বিনিয়োগ যথাযথভাবে কাজে লাগানোর জন্য রাজনৈতিক স্থিতিশীলতা, প্রশাসনিক সক্ষমতা, নীতির ধারাবাহিকতা এবং আইনের শাসন নিশ্চিত করা অপরিহার্য।
চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারতের সঙ্গে বিবদমান সমস্যা নিরসন করে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের সঙ্গে আমেরিকার চুক্তির কারণে ভবিষ্যতে চীনের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক স্থাপন জটিল হতে পারে। তাই বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও কূটনীতির ক্ষেত্রে আস্থার সংকট কাটিয়ে বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ ও বন্ধুত্বমূলক সম্পর্ক স্থাপনের জন্য প্রশাসনিক ও কূটনৈতিক সামর্থ্য ও অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি। কোনো নির্দিষ্ট শক্তি বা রাষ্ট্রজোটের সঙ্গে জোটবদ্ধ না হয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি—‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’—অনুসরণ করে সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ, পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থভিত্তিক সম্পর্ক বজায় রাখাই হবে দেশের জন্য সর্বোত্তম পথ।
লেখক: সাবেক সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রদূত



